দেশে চিকিৎসায় গবেষণা বাড়ানোর আহ্বান
চিকিৎসায় গবেষণা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ ফেব্রুয়ারি) কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের 'কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চ'র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
নারায়ণগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তিনি।
তিনি বলেন, রিসার্চটা যাতে হয়, আমাদের দেশে রিসার্চের সুযোগটা খুবই কম। বিশেষ করে মেডিক্যাল সায়েন্সের রিসার্চ খুব বেশি একটা হচ্ছে না। যেটা হওয়া একান্তভাবে প্রয়োজন। আসলে যাদের রিসার্চ করার কথা সকলেই ডাক্তার হয়ে রোগী দেখতে এত ব্যস্ত, বসে রিসার্চ- খুবই হাতে গোনা কয়জনকে আমি দেখি, তাদের পাবলিকেশন এবং রিসার্চ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের শ্রীমতি সাহা, রাজিব প্রসাদ সাহা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি, সংসদ সদস্য শামীম ওসমান, সেলিম ওসমান, নজরুল ইসলাম বাবু, লিয়াকত হোসেন খোকা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, ক্যান্সার এমন একটা রোগ, আজকে এমন তার প্রাদুর্ভাব হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য তার যে প্রকৃত ডায়াগনোসিস করা বা সেভাবে আমাদের পরিবেশ, আবহাওয়া, জলবায়ুর সঙ্গে এই ক্যান্সার কীভাবে বিস্তার লাভ করে তার ওপর রিসার্চ করা বা এটার চিকিৎসা করবার জন্য যে রিসার্চ দরকার সেটা খুব কম আমাদের দেশে হয়। রিসার্চটা আমাদের জন্য একান্তভাবে অপরিহার্য।